আগেই জানিয়ে দিয়েছেন, ভারত সফরে ওয়ানডে খেলতে চান না। আপাতত বিশ্রাম ক্রিকেট থেকে। ক্রিস গেইলের ইচ্ছার মূল্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি, কোনো সিরিজেই রাখা হয়নি ক্যারিবীয় ব্যাটিং দানবকে।
টি-টুয়েন্টি ও ওয়ানডে- দুই ফরম্যাটের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে কাইরেন পোলার্ডকে। টি-টুয়েন্টিতে তার সহকারী উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিকোলাস পুরান। ওয়ানডে দলে সহ-অধিনায়ক করা হয়েছে আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান শাই হোপকে।
ভারতে তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলবে উইন্ডিজ। সিরিজ শুরু ২০ ওভারের ক্রিকেট দিয়ে। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজ। ওয়ানডে শুরু ১৫ ডিসেম্বর থেকে।
টি-টুয়েন্টি দল: কাইরেন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, ব্র্যান্ডন কিং, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, এভিন লুইস, কিমো পল, ক্যারি পিয়েরে, নিকোলাস পুরান, দিনেশ রামদিন, শেরফান রাদারফোর্ড, লেন্ডন সিমন্স, হেইডেন ওয়ালশ জুনিয়র ও কেসরিক উইলিয়ামস।
ওয়ানডের দল: কাইরেন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেজ, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আলঝারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, ক্যারি পিয়েরে, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ জুনিয়র।









