‘গুলশান হামলা বৈদেশিক সম্পর্কে প্রভাব আনবে না’

দেশে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর কারণে কোনো দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক নষ্ট হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি বলেন, জাপান এমন একটি দুর্ঘটনার পর বাংলাদেশের পাশেই আছে। এমনকি জাপানের বাংলাদেশে উন্নয়ন কার্যক্রমও এর পরে অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।
এময় তিনি আরো বলেন, শুধু জাপান নয় অন্যান্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা আমাদের পাশেই আছেন। ইতালির পক্ষ থেকে বলা হয়, এই ঘটনা বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কে কোনো ব্যাঘাত আনবে না, বরং তা আরো উন্নত করবে। কারণ এখন সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাই একসঙ্গে কাজ করবে।
গুলশানে এমন একটি হামলার ঘটনার পর নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। এখন দেশের সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আরো বেশি প্রয়োজনীয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্ব সন্ত্রাসবাদ রোধে এখন গ্লোবাল কমন স্ট্র্যাটেজি প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিচ্ছে। আর সেটা করতে গিয়ে যেকোনো ধরনের সহযোগিতায় থাকবে বিশ্বের বিভিন্ন দেশ বলেও জানিয়েছে।
১ জুলাই শুক্রবার রাত নয়টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে চালানো জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২২ জন নিহত হয়। সেনা, নৌ ও পুলিশসহ যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে মৃত্যু হয় ৬ হামলাকারীর। আটক করা হয় এক সন্দেহভাজন হামলাকারীকে।
পরদিন শনিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে হামলায় নিহতদের স্মরণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





