ঢাকার গুলশানের হলে আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে হামলায় ঘটনার
সময় ওই এলাকায় সন্দেহজনক গতিবিধির অভিযোগে কুমিল্লার মুরাদনগর থেকে নাসির
উদ্দিন মিঠু নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মিঠু
বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালকদার দুলুর পারিবারিক গাড়ি চালক
বলে জানা গেছে। গুলশানের ঘটনার সময় সে ওই এলাকায় আইসক্রিম খাচ্ছিল বলে সিসি
ক্যামেরার ফুটেজে দেখা যায়।
গত কয়েকদিন ধরে তার বাড়ির সামনে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের আনা গোনা ছিল। আইনশৃংখলা বাহিনী তার আত্মীয়দের অনুরোধ জানালে মিঠুর আত্মীয়রা তাকে ফোন করে বাড়ি আসতে বলে। সে বাড়ি আসলে সোমবার দুপুরে স্থানীয় চেয়ারম্যান ও স্বজনদের সাথে নিয়ে সে নিজে মুরাদনগর থানায় যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে ঢাকায় নিয়ে আসে।
দিনভর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাঝিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ডিএমপি’র গোয়েন্দা শাখার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে আসা একদল পুলিশ নিয়ে যায়।
মুরাদনগর থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, স্থানীয় চেয়ারম্যানসহ মিঠুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে থানা থেকে তাকে পুলিশ ঢাকায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাঝি জানান, গোয়েন্দা পুলিশের লোকজন রোববার তাদের বাড়িতে এসেছিল। তারা বলেছে গুলশানের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানতে চায়। সে জন্য পরিবারের সদস্যদের অনুরোধ জানায় মিঠুকে ফোন করে বাড়িতে আসতে বলতে। সে অনুযায়ী ফোন করলে সে বাড়িতে আসে। সোমবার দুপুরে তিনি ও সাবেক চেয়ারম্যান তোফায়েল, মিঠুর চাচাসহ আত্মীয় স্বজনরা তাকে থানায় নিয়ে যায়।
তিনি জানান, নাসির উদ্দিন মিঠু কুমিল্লার মুরাদনগরের পাহাড়পুর ইউনিয়নের শর্মাকান্দার মজিবুর রহমানের ছেলে। তার বাবার দুই সংসার । এ সংসারে মিঠুরা দুই ভাই এক বোন।
গত ১লা জুলাই ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ১৯ জন বিদেশী নাগরিকসহ ২২ জন নিহত হয়। পরে সেনাবাহিনীর অভিযানে নিহত হয় ৫ জঙ্গি।







