গুরুতর অসুস্থ কিংবদন্তী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে শনিবার (২১ আগস্ট) সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়েছে।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয়েছে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন লেখকের ছেলে ইমতিয়াজ হাসান।
তিনি বলেন, বাবার শারীরিক অবস্থা অপরিবর্তিত। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
এরআগে হাসান আজিজুল হকের শারীরিক সমস্যার কথা জানিয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ‘বাবার বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও আগে থেকেই হার্টের সমস্যা, ডায়াবেটিস রয়েছে। বর্তমানে তিনি হাইপোনাট্রেমিয়ায় অর্থাৎ শরীরে লবণের ঘাটতিতে বেশি ভুগছেন। তিনি একেবারে নিস্তেজ হয়ে গেছেন। চিন্তাশক্তিও কমে গেছে। খুব বেশি কথা বলতে পারছেন না। কাউকে সেভাবে চিনছেনও না।’
১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামের সম্ভান্ত্র এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তার পঞ্চাশটিরও বেশি কবিতা, ছোটগল্প ও উপন্যাস রয়েছে।







