একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিয়ে লেস্টার সিটির বিপক্ষে একমাত্র গোলে পরাজিত হয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বড় রকমের ধাক্কাই খেয়েছে ইয়ূর্গেন ক্লপের দল।
দলের পারফরম্যান্স হতাশার। সেটি নিয়ে দুশ্চিন্তা আড়ালও করছেন না ক্লপ। অলরেড বস ম্যাচ শেষে বলেই দিলেন, এভাবে চলতে থাকলে ম্যানসিটিকে ধরা তার দলের পক্ষে সম্ভব নয়।
‘আর যাই হোক গত রাতে সিটিকে সুযোগ করে দেয়ার পরিকল্পনা আমাদের ছিল না। আমরা যদি এমনই খেলি, তাহলে সিটিকে ধরার কথা আমাদের আর ভাবতে হবে না।’
লেস্টারের বিপক্ষে ১৬ মিনিটেই লিড নিতে পারত লিভারপুল। সালাহর স্পটকিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক স্মাইকেল। আক্ষেপের সেখানেই শেষ নয়, ফিরতি বলে সালাহ করেছিলেন হেড, বল ক্রসবারে লেগে ফিরে আসে। জর্ডান হেন্ডারসন শট জালে পাঠাতে না পারায় কিং পাওয়ার স্টেডিয়ামে অতিথিরা গোলটা পায়নি।
১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অলরেডরা। তাদের সমান ম্যাচে ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে ম্যানচেস্টার সিটি। ২ জানুয়ারি চেলসির বিপক্ষে খেলবে লিভারপুল। বুধবার রাতে ব্রেন্টফোর্ড ও জানুয়ারির প্রথমদিনে নরউইচ সিটিকে প্রতিপক্ষ পাচ্ছে ম্যানসিটি। পরের দুই ম্যাচে জিততে পারলে ক্লপের দলের সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান গড়ে ফেলবে পেপ গার্দিওলার শিষ্যরা।
‘চেলসি ও আমরা একে অপরের মুখোমুখি হবো। আমরা একসাথে পয়েন্ট পেতে পারি না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আমরা জিতব। কতগুলো পয়েন্ট নিতে পারি ও এরপর অবস্থা কী দাঁড়ায়, তা আমাদের দেখতে হবে।’
‘গত রাতে যা ঘটেছে তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এটি বের করাই এই মুহূর্তে আমার মূল শঙ্কার বিষয়, সিটির সঙ্গে ব্যবধান নিয়ে নয়।’ যোগ করেন ক্লপ।








