তিন বিদেশি কিউরেটর দেশের গুরুত্বপূর্ণ চার ক্রিকেট ভেন্যুর দায়িত্ব নিয়েছেন। গত মাসে বিসিবির কিউরেটর হিসেবে নিয়োগ পাওয়া প্রাভীন হিনগানিকরকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দায়িত্ব দেয়া হয়েছে। আর চলতি মাসে নিয়োগ পাওয়া সঞ্জীব আগারওয়াল থাকবেন খুলনা ও সিলেট ভেন্যুর দায়িত্বে।
এক দশক ধরে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের দেখভালের দায়িত্বে থাকা শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা থাকছেন আগের কর্মস্থলেই। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
কয়েক মাস আগেই বিসিবিতে এসে সাক্ষাতকার দিয়েছিলেন তৃতীয় বিদেশি কিউটেরটর হিসেবে নিয়োগ পাওয়া আগারওয়াল। প্রথম সফরে তিনি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখেন। এ দুটি ভেন্যুই দেখভাল করবেন তিনি।
দীর্ঘ সময় ধরে খুলনা ও চট্টগ্রাম ভেন্যুর দায়িত্বে ছিলেন জাহিদ রেজা বাবু। এখন থেকে তিনি হিনগানিকরের অধীনে কেবল চট্টগ্রাম ভেন্যুতে কাজ করবেন। সিলেট ভেন্যুর দায়িত্বে ছিলেন নুরুজ্জামান নয়ন। তিনি এখন কাজ করবেন আগারওয়ালের অধীনে।
নতুন দুই কিউটেরকে বিসিবি নিয়োগ দিয়েছে দুই বছরের জন্য। মূল কাজের বাইরে স্থানীয় কিউরেটর, গ্রাউন্ডসম্যানদের প্রশিক্ষণ দেবেন তারা।







