গলে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৬০ উঠতেই ৫ উইকেট হারায় লঙ্কানরা।
দলীয় ১৫ রানে ভারতীয় পেসার ইশান্ত শর্মার শিকার হন ওপেনার দিমুথ করুনারত্নে। স্কোর বোর্ড পরিবর্তন হওয়ার আগেই বরুন অ্যারনের বলে সাজঘরে ফেরেন আরেক ওপেনার কুশাল সিলভা।
দুই পেসারের পর তিন উইকেট তুলে নিয়ে লঙ্কানদের কোণঠাসা করে ফেলেন স্পিনার রবিচন্দন অশ্বিন। ব্যাটিংয়ে মোটেও ভালো করতে পারেননি এই সিরিজ শেষে অবসর নিতে যাওয়া লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। মাত্র ৫ রান করেছেন এই কিংবদন্তি উইকেটকিপার ব্যাটসম্যান।






