কলম্বো, শ্রীলংকা থেকে: ম্যাচের পরিস্থিতি, নিজের পারফরম্যান্স এবং প্রতিপক্ষ সেঞ্চুরিয়ান দীনেশ চান্দিমালের পারফরম্যান্স নিয়ে আগের রাতের গভীর চিন্তার ফসল তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি, সংবাদ সম্মেলনে এমনটাই বললেন কলম্বো টেস্টের তৃতীয় দিনের নায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ দিনের প্রথম সেশনটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন তিনি।
যখনই ভক্তদের সমালোচনায় বিদ্ধ হন, তখনই দুরন্ত পারফরম্যান্স দিয়ে তার জবাব দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের সেঞ্চুরির টেস্টে চোখ জুড়ানো এক সেঞ্চুরিই প্রথম ইনিংসে ১২৯ রানের লিড এনে দেয় লাল-সবুজের প্রতিনিধিদের। এই ইনিংস দলের কাজে লেগেছে তাতেই খুশি সাকিব।
তৃতীয় দিন শেষে ৭৫ রানে এগিয়ে টিম-বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের আধিপত্য প্রতিষ্ঠায় অবদান সাকিবের সঙ্গে তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেকের ১৩১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপের। টেস্ট অভিষেকেই নজর কেড়ে নেয়া মোসাদ্দেকের ব্যাটিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ টেস্টের তৃতীয় দিনের একমাত্র সেঞ্চুরিয়ান।
এই ম্যাচ জিততে হলে চতুর্থ দিন সকালে শ্রীলংকার ব্যাটিং ডিপার্টমেন্টকে চাপে ফেলতে হবে বলে মনে করেন বাংলাদেশ দলের অন্যতম নিউক্লিয়াস সাকিব আল হাসান।







