গণমাধ্যম সমালোচনা করছে বলেই গণতন্ত্র মজবুত হচ্ছে বলে মনে করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘জেসিএমএস উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘গণমাধ্যম গণতন্ত্রের প্রতিপক্ষ নয়। বরং গণমাধ্যম সাম্প্রদায়িক অপশক্তির প্রতিপক্ষ। গণমাধ্যম সমালোচনা করছে বলেই গণতন্ত্র মজবুত হচ্ছে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যম পবিত্র। এই পবিত্রতা রক্ষা করা আমার দায়িত্ব।’ গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন করাও তার অন্যতম লক্ষ্য বলে জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম।
সকাল নয়টায় এক বর্ণিল আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিভাগটির ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী। এর সূচনা করেন বিভাগের উপদেষ্টা, গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক রোবায়েত ফেরদৌস। শোভাযাত্রাটি স্টেট ইউনিভার্সিটির বিজয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে কলাবাগান, রাসেল স্কয়ার মোড় প্রদক্ষিণ করে অনুষ্ঠানের মূল ভেন্যু ‘স্কলারস ইনে’ গিয়ে শেষ হয়।

বিশেষ অতিথির বক্তব্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম বলেন, দেশে মানসম্মত উচ্চ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আন্তরিক ভাবে কাজ করছে।
বেলা ৩টায় বিভাগটির জ্যেষ্ঠ প্রভাষক কাজী আনিছের সঞ্চালনায় এক বিশেষ টক শো অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, সাংবাদিক শরিফুল হাসান, রোজিনা ইসলাম প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনের শেষ অধিবেশন শুরু হয় সন্ধ্যায়। শিক্ষার্থীদের সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জেসিএমএস উৎসব।







