আপিলের রায়েও ধর্ষণ মামলায় সাবেক ব্রাজিলিয়ান তারকা রবিনহোর বিরুদ্ধে ৯ বছরের জেল বহাল রেখেছেন ইতালির মিলান শহরের একটি আদালত। ২০১৩ সালে ২২ বছর বয়সী এক আলবেনিয়ান নারীকে গণধর্ষণের অভিযোগে সাজা পেলেন একসময় রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও এসি মিলানে খেলা ফরোয়ার্ড।
এসি মিলানে খেলার সময় মিলানের সিও ক্যাফেতে ২০১৩ সালের ২২ জানুয়ারি ছয়জন মিলে এক আলবেনিয়ান নারীকে গণধর্ষণের অভিযোগ তোলা হয় রবিনহোর বিরুদ্ধে। ৩৬ বছর বয়সী রবিনহোর সঙ্গে রিকার্ডো ফ্যালকাও নামের আরেক ব্যক্তির সেই ঘটনায় সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।
গত অক্টোবরে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি করলেও সেটি টিকেছে মাত্র ৪ দিন। একজন নারী নির্যাতনকারী ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ায় পৃষ্ঠপোষক ও ভক্তরা হুমকি দেয়ায় চুক্তি বাতিল করে সান্তোস।
প্রশ্ন উঠেছে, ধর্ষণের ঘটনা ইতালিতে ঘটলেও ব্রাজিলে থেকে সেই সাজা রবিনহো পাবেন কিনা। ব্রাজিলের সংবিধান অনুযায়ী সেদেশে জন্মগ্রহণকারী কাউকে অন্যদেশের হাতে তুলে দেয়ার নিয়ম নেই। তবে দোষী সাব্যস্ত হলে নিজ দেশেই সাজা ভোগ করতে হবে ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচে ২৮ গোল করা রবিনহোকে।







