রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বাস্তবতায় অন্তর্জাতিক আইন ও গণতন্ত্র যখন হুমকিতে তখন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোববার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড এ কথা বলেন।
বাংলাদেশের পক্ষ থেকে এ সংলাপে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
ভিক্টোরিয়া নুল্যান্ড ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উভয়ই মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়টির উপর বেশি জোর দিয়েছেন।
ভিক্টোরিয়া নুল্যান্ড বলছেন, বিশ্বের নানা প্রান্তে নানা অস্থিরতা তৈরি হয়ে আছে। বিশেষ করে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষায় বিশ্বের যে প্রান্তেই সেটি হোক না কেন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র এক হয়ে কাজ করতে চায় ।
একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে ও নানা বিষয় তুলে ধরা হয়েছে। বিশেষ করে র্যাবের ওপর মার্কিন যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে নেওয়া অর্থাৎ সে সংক্রান্ত বিষয় গুলোকে প্রধান্য দেওয়া হবে। এর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে।
ভিক্টোরিয়া নুল্যান্ড বলছেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না। আরও আলোচনা চায় যুক্তরাষ্ট্র।
বছরে একবারই এ সংলাপ হয়ে থাকে এবং মূলত এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়ে থাকে।








