খ্যাতির বিড়ম্বনায় ‘ইরানি মেসি’র জেলের অভিজ্ঞতা

দেখতে হুবহু লিওনেল মেসির মতো। নাম তার রেজা পারাস্তেশ। বাড়ি ইরানে। তার সঙ্গে সেলফি তুলতে ইরানের হামাদেন শহরে জমে গিয়েছিল ভক্তদের ভিড়। শৃঙ্খলা ফেরাতে এক পর্যায়ে বাধ্য হয়ে রেজাকে থানায় নিয়ে যায় পুলিশ।
দেখতে মেসির মত হওয়ায় রেজার বাবা তাকে বার্সেলোনার ১০ নম্বর জার্সি কিনে দিয়েছেন। কাতালানদের হয়ে এই নম্বরের জার্সি পরে মাঠে নামেন মেসি। জার্সি পরে রেজা যখন রাস্তায় নামেন, তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আশপাশের মানুষ। আবদার তোলেন একটি সেলফি তোলার।
‘সবাই এখন আমাকে ইরানি মেসি নামেই জানে। রাস্তায় হাঁটলে বল নিয়ে কারিকুরি করতে বলে। যখন কিছু করে দেখাই সবাই অবাক হয়ে থাকে।’ বলছিলেন রেজা।

ভক্তদের আনন্দ দিয়ে নিজেও বেশ খুশি রেজা। এতে মনে একপ্রকার শক্তিও পান বলে জানান তিনি, ‘আমার খুবই ভালো লাগে যখন আমি তাদের হাসিমুখ দেখি। এই আনন্দ আমার মাঝে প্রচণ্ড শক্তি যোগায়।’
দেশটির বিজ্ঞাপনের বাজারেও বেশ কদর রয়েছে ইরানি মেসির। বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গেও ইতিমধ্যে চুক্তি সেরে ফেলেছেন। নকল মেসির অভিনয় যাতে ভালোভাবে করতে পারেন, সেজন্য নিজের ফুটবল দক্ষতা বাড়াতেও বেশ মনযোগী রেজা।






