খেলার মাঠ নাকি টার্মিনাল?

ট্রাক স্ট্যান্ডে রূপ নিয়েছে খেলার মাঠ, সঙ্গে জলাবদ্ধতা
চট্টগ্রাম থেকে: মাঠের দুই পাশে সারিসারি ট্রাক, মাঝে ইট-বালু-পাথরের স্তূপ। কিছু স্থানে গর্ত, তাতে জমে আছে ময়লা পানি। আবর্জনার স্তূপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নর্দমায় রূপ নেওয়া এমন পরিবেশে স্থানীয় কিশোর-তরুণরা করে চলেছেন ক্রিকেটচর্চা। এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন ঐতিহ্যবাহী আউটার স্টেডিয়ামের বর্তমান চিত্র এটিই।
অথচ এই মাঠে আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, আফতাব আহমেদ, তামিম ইকবালসহ অনেক জাতীয় পর্যায়ে সাফল্য পাওয়া ক্রিকেটারের হাতেখড়ি হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, এই মাঠ আর যাই হোক অন্তত খেলার উপযোগী অবস্থায় নেই। রূপ নিয়েছে ট্রাক টার্মিনালে। ট্রাক মালিকদের দখলে চলে যাওয়ায় চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠটির পরিসরও ক্রমেই সংকীর্ণ হয়ে যাচ্ছে।
চট্টগ্রামবাসী একসময় গর্ব করেই বলতে পারতেন, ‘জাতীয় দলের অর্ধেকই তো আমাদের।’ সেই চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে এখন হাহাকার। বিসিবির বয়সভিত্তিক দলগুলোতে ভিড় নেই বন্দরনগরীর সম্ভাবনাময় খেলোয়াড়ের। বলার মতো দুটি নাম- ইরফান শুক্কুর ও ইয়াসির আলি চৌধুরী। তারা আছেন বিসিবির হাই-পারফরম্যান্স স্কোয়াডে।

বন্দরনগরীর ক্রিকেটাঙ্গন এখন মূলত একাডেমি নির্ভর। ইরফান-ইয়াসির উঠে এসেছেন স্থানীয় ইস্পাহানী ক্রিকেট একাডেমি থেকে। কিন্তু একাডেমির নিজস্ব মাঠ না থাকায় তাদের আশ্রয়স্থল ছিল এমএ আজিজ স্টেডিয়ামের আউটার গ্রাউন্ড। সেই মাঠের বেহালদশার মধ্যেই ছোট্ট একটি মাঠকে ঘিরে চলছে আরও কয়েকটি একাডেমির কার্যক্রম।
আউটার মাঠের প্রায় অর্ধেক জায়গাজুড়ে আবার গড়ে উঠছে সুইমিংপুল। তাতে ভবিষ্যতে এই মাঠ সংস্কার হলেও খুব বেশি ক্রিকেটারের অনুশীলনের জায়গা হবে না।
এমএ আজিজ স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম দেখভাল করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। সংস্থাটির ট্রেজারার শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর চ্যানেল আই অনলাইনকে শোনালেন আশার কথা, ‘চট্টগ্রামের নামকরা একজন স্থপতি এসে মাঠ দেখে গেছেন। উনি একটা নকশা উপস্থাপন করেছেন। পূর্ণাঙ্গ খেলার মাঠ হিসেবে উপযোগী করতে সম্ভাব্য কী করা যায় সেটি নিয়ে আলোচনা হবে দুই সপ্তাহের মধ্যেই, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সভায় হবে আলোচনা। আমাদের মেয়র (আ জ ম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা) খুব আন্তরিক। আশা করি শিগগিরই কাজ শুরু হয়ে যাবে।’
তবে মাঠ-সুযোগ স্বল্পতা নয়, চট্টগ্রাম থেকে আগের মতো খেলোয়াড় উঠে না আসার পেছনে তরুণদের অনাগ্রহকেই দায়ী করলেন এই প্রবীণ সংগঠক, ‘খেলাধুলার জন্য যে প্রচণ্ড আগ্রহ থাকা দরকার, সেটি এখনকার তরুণদের মাঝে দেখা যায় না। এজন্যই খেলোয়াড় উঠে আসছে না। এজন্য যে পরিশ্রম করতে হয়, সেটাও করতে চায় না তারা। আমাদের সকল কার্যক্রম কিন্তু চলছে। চট্টগ্রামে প্রতি বছরই লিগ হয়।’
জাতীয় দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদিন নোবেল (সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর বড় ভাই) পরিচালনা করেন ইস্পাহানী ক্রিকেট একাডেমি। এছাড়া শহরটিতে রয়েছে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি। তাদের অনুশীলনও চলে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে।

অনুশীলন চলে পাশের টেনিস কোর্টেও, সিমেন্টের ওপর ঝুঁকি নিয়েই ক্রিকেটের সব ধরনের অনুশীলন চলে সেখানে। একাডেমি মালিকদের দাবি, আউটার স্টেডিয়াম সংস্কার হলে তারা উদীয়মান ক্রিকেটারদের নিবিড়ভাবে অনুশীলন করাতে পারবেন।
দায়িত্বশীল কর্তাদের নজরে কবে সংস্কার জরুরী হয়ে ওঠে সেটাই এখন দেখার!




