খালেদা জিয়ার কার্যালয় তল্লাশির প্রতিবাদে ৬২৫ শিক্ষকের বিবৃতি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) ৬২৫ জন শিক্ষক।
শনিবার এক বিবৃতিতে ইউট্যাব নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, দেশে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। বিএনপি তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে ব্যস্ত। বিশেষ করে সংগঠন গোছানো ও দেশের উন্নয়নে কিছু পরিকল্পনামূলক কর্মকারণ্ডে ব্যস্ত। এরপরও হঠাৎ করে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনায় সরকারের অগণতান্ত্রিক আচরণ প্রমাণ করে।
ইউট্যাব নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়ে বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসন সম্ভব নয়।
এই বিবৃতিতে সরকারকে এহেন হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে বর্তমান সঙ্কট উত্তরণের উদাত্ত আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন- ইউট্যাবের সহসভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক এম ফরিদ আহমেদ, অধ্যাপক ড. গোলাম রব্বানী, ড. মাহফুজুল হক, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ড. আ. ন.ম. মুনীর আহমদ চৌধুরী, অধ্যাপক ড. সিদ্দিক আহমদ চৌধুরী (চবি), অধ্যাপক ড. এম.এ. বারি মিয়া, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক কে এম শাহাদাত হোসেন (রাবি), অধ্যাপক ড. শামসুল আলম সেলিম (জাবি), ড. সাব্বির মোস্তফা খান (বুয়েট), ডা: সাইফুল ইসলাম (বিএসএমএমইউ), ড. গোলাম আরিফ কেনেডি (বাকৃবি), আফম আরিফুর রহমান (নোবিপ্রবি), ড. হারুন অর রশীদ (খুবিপ্রবি), বেলাল হোসেন (কুবি), ড. মো. মিজানুর রহমান (কবি নজ. বি) প্রমুখ।
শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। কিছু পুলিশ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে তল্লাশি চালিয়েছে।
বিএনপি চেয়ারপাসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, কার্যালয়ে পুলিশ ঢুকে তল্লাশি করেছে। তবে কেনো এবং কী কারণে ঢুকেছে আমরা তা জানি না।
গুলশান থানা ওসি আবু বকর সিদ্দিক বলেনছেন, রাষ্ট্র বিরোধী কোন ক্রিয়াকলাপ হচ্ছে কি না সন্দেহ থেকে আদালতের নির্দেশে তল্লাশি চালানো হয়েছে। তবে তেমন কোন সন্দেহজনক কিছু সেখানে মিলেনি বলে জানান।




