বিশ্ব খাদ্য কর্মসূচী ডাব্লিউএফপি’র ২০১৬ সালের ক্ষুধা মুক্ত বিশ্ব চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বরগুনার হাদিসা আক্তারের ছবি নির্বাচিত হয়েছে। বিশ্বের ৮১টি দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের আঁকা ছবির মধ্য থেকে এবছর ৮টি ছবি নির্বাচন করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচী ডাব্লিউএফপি।
হাদিসা আক্তার বরগুনার পাথরঘাটা উপজেলার ৩৪ নং পূর্ব কালীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী । তার মা সাজু বেগম ও বাবা আজহার সরদার। ২৮ সেপ্টেম্বর ডাব্লিউএফপি ও শিক্ষা মন্ত্রণালয় হাদিসাকে তার স্কুলে সম্মাননা দিবে।
এই অর্জনকে স্কুলের জন্য অনেক বড় সম্মান বলে মনে করেন শিক্ষক শিক্ষার্থীরা। হাদিসার মা বাবাও গর্বিত তার এই অর্জনে।
বাংলাদেশে যেসব জেলা ডাব্লিউএফপি’র স্কুল ফিডিং প্রকল্পভূক্ত সে সব স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০১৫ এর ১০ ডিসেম্বর থেকে ২০১৬ এর ১০ জানুয়ারী পর্যন্ত।
২০-২৫টি স্কুল নিয়ে ক্লাস্টার পর্যায়ে সে সব ছবি বাছাই হয় এ বছরের ২৮ জানুয়ারী। উপজেলা পর্যায়ে বাছাই হয় ৮ ফ্রেব্রুয়ারি। জেলা পর্যায়ে বাছাই হয় ১৮ ফ্রেব্রুয়ারি। বিভাগীয় পর্যায়ে ২৮ মার্চ বাছাই হয়ে জাতীয় পর্যায়ে বাছাই হয় ১০ মার্চ।
বাংলাদেশ থেকে বাছাই করা ৫টি ছবি পাঠানো হয় ইতালির রোমে ডাব্লিএফপি’র সদর দপ্তরে। এরকম ৮১টি দেশের শিক্ষার্থীদের আঁকা ছবি জমা হয় রোমে। সেখান থেকে বাছাই হয় ৮টি ছবি এই আটটির একটি হাদিসার আঁকা ছবি।







