ক্রাইস্টচার্চ হামলা: দুই বাংলাদেশির মরদেহ ঢাকায়

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে ওমর ফারুক ও জাকারিয়া ভূঁইয়ার মরদেহ দেশে আনা হয়েছে।
নিহত আরেক বাংলাদেশি মোজাম্মেল হকের মরদেহ বুধবার রাতে ঢাকায় আনার কথা রয়েছে।
ক্রাইস্টচার্চ হামলায় নিহত দুই বাংলাদেশি ওমর ফারুক ও জাকারিয়া ভূঁইয়ার মরদেহবাহী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ছেলে জাকারিয়া ভূঁইয়ার মরদেহ গ্রহণ করেন তার বাবা আব্দুল বাতেন ভূঁইয়া।
স্বামীর মরদেহ আনতে নিউজিল্যান্ডে জাকারিয়া ভূঁইয়ার স্ত্রী রীনা আক্তার ও ওমর ফারুকের স্ত্রী সানজিদা আহমেদ নিউজিল্যান্ড যান। রাতেই ওমর ফারুকের মরদেহ নারায়ণগঞ্জে ও জাকারিয়া ভূঁইয়ার মরদেহ নরসিংদীতে নেয়া হয়।
সেদিন মসজিদে নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
নিহত বাংলাদেশি আরো দু’জন হলেন গোপালগঞ্জের হুসনে আরা আহমেদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. আব্দুস সামাদ।







