অপরাধ

ক্যাসিনোর তালিকা দেন, আমরা অভিযান চালাবো: বেনজীর

‘ক্যাসিনো নিয়ে গুজব ও আতঙ্ক ছড়াবেন না’

ক্যাসিনোর তালিকা দেন, আমরা অভিযান চালাবো: বেনজীর

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন: আমাদের কাছে ক্যাসিনোর যে তালিকা আছে, সেই অনুযায়ী ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসময় ক্যাসিনো নিয়ে কোনো ধরনের গুজব ও আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানিয়ে সাংবাদিকদের কাছে ক্যাসিনোর তালিকা চান র‌্যাব মহাপরিচালক।

তিনি বলেন: আমি অনুরোধ করব, কোনো ধরনের গুজব ছড়াবেন না, আতঙ্ক ছড়াবেন না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা ভালো করতে গিয়ে দেশ পিছিয়ে পড়ুক এটা চাই না।

শুক্রবার বিকেলে বনানীর নরডিক হোটেলে জঙ্গিবিরোধী অভিযানের মহড়া দেখতে আসেন র‌্যাবের মহাপরিচালক।

এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন: ক্যাসিনোর বিষয়গুলো নির্মোহভাবে দেখতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সব ক্যাসিনো বন্ধ করে দেব। এটা করতে গিয়ে অন্যান্য ইস্যু বেরিয়ে আসছে।

গণমাধ্যমে ক্যাসিনোর সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য আসছে এমন ইঙ্গিত করে তিনি বলেন: দেখছি অনেক অনুমাননির্ভর কথা বলা হচ্ছে। চরিত্র হনন করা হচ্ছে, এটা ঠিক না। আপনারা কেউ বলছেন ৬০টি ক্যাসিনো আছে। আবার কেউ বলছেন দেড়শ’ ক্যাসিনো আছে।

সাংবাদিকদের কাছে তালিকা চেয়ে র‌্যাব ডিজি বলেন: তালিকাটা কোথায় ভাইয়া?

এসময় সাংবাদিকরা জানতে চান র‌্যাবের কাছে কয়টার তালিকা আছে? এর জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন: আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী কাজ করছি। আপনারা বলেন, কোথায় ক্যাসিনো আছে, আমরা অভিযান চালাবো।

বেনজীর বলেন: আমরা যদি সেক্টর বাই সেক্টর কাজ করি তাহলে সবচেয়ে ভালো হবে। দেশবাসী সঙ্গে আছে। তাই কেউ অপেশাদার আচরণ করবেন না।

র‌্যাবের মহড়ার একটি দৃশ্য
র‌্যাবের মহড়ার একটি দৃশ্য

এর আগে বিকেল ৫টায় নরডিক হোটেলে তবে শ্বাসরুদ্ধকর জঙ্গি বিরোধী র‌্যাবের একটি বিশেষায়িত মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (জননিরাপত্তা শাখা) মোস্তাফা কামাল উদ্দীন বলেন: র‌্যাব বাংলাদেশে অত্যন্ত চৌকস এবং এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে তাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আজকে তারা থ্রি ডাইমেনশনাল কমান্ড অপারেশন পরিবেশন করেছে। ভবিষ্যতে যদি জঙ্গি বা কোনো দুর্বৃত্ত কোনো প্রতিষ্ঠান, হোটেল বা আবাসিক ভবনে এমন জিম্মি করার চেষ্টা করে তাহলে এমনভাবেই তাদেরকে প্রতিহত করা হবে।

বিষয়:ক্যাসিনো র‌্যাব র‌্যাব প্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…