‘আপনি জানেন, কখনো কখনো আপনাকে ভারসাম্য আনতে হবে। বিরাট যদি আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ করতে চান আরও ৬ থেকে ৭ বছর, তাহলে এখনই ওকে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। এটা ওর জন্যই ভালো হবে।’
টানা অফফর্মের কারণে বিরাট কোহলিকে আইপিএলের চলতি আসর থেকে সরে যেতে এভাবেই পরামর্শ রবি শাস্ত্রীর। ভারতের সাবেক কোচ অবশ্য কিছুদিন থেকেই কোহলিকে বিরতি নেয়ার পরামর্শ দিয়ে চলেছেন।
‘আমি মনে করি তার জন্য বিরতি নেয়াটাই এখন আদর্শ হবে। কারণ একটানা ক্রিকেট খেলছে। সব ফরম্যাটে দলের অধিনায়কত্ব করেছে। তার বিরতি নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।’
চলতি আইপিএলে ৯ ম্যাচে মাত্র ১৬ গড়ে ১২৪ রান করেছেন কোহলি। স্ট্রাইক রেত ১১৯.৬২। নেই কোনো ফিফটি। শূন্য রানে ফিরেছেন দুবার।
কোহলি ১৪-১৫ বছর ধরে খেলছেন। ক্যারিয়ারে এমন বাজে সময় আগে কখনো আসেনি তার। শাস্ত্রী বিষয়টি উপলব্ধি করেই দিচ্ছেন মতামত।
‘শুধু বিরাট নয়, এটি অন্য যেকোনো খেলোয়াড়কে বলব। যদি খেলতে চান এবং ভারতের হয়ে ভালো করতে চান, তাহলে আপনাকে সীমারেখা টানতে হবে। কোথায় বিরতি নিতে চান, মৌসুমের যে সময়ে টিম ইন্ডিয়ার ম্যাচ থাকে না, সেটাই বিরতির আদর্শ সময়। তাই বলব, আইপিএল চলাকালীনই প্রয়োজনে তারা বিরতিতে যাক।’
‘মাঝে মাঝে এমন করতে হবে, কিংবা ফ্র্যাঞ্চাইজিকে বলতে হবে কেবল অর্ধেক (টুর্নামেন্ট) খেলব। যদি একজন আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে শীর্ষে পৌঁছাতে চান, কঠিন সিদ্ধান্তগুলো নিতেই হবে।’







