প্রায় দুই মাস পর উপাচার্য পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাবির এ অধ্যাপককে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকাসহ মোট পাঁচটি শর্তে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
গত বছরের ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলী আশরাফের মেয়াদ শেষের পর থেকে প্রায় দুইমাস উপাচার্যহীন ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফলে কার্যত অচল হয়ে পড়েছিল বিশ্ববিদ্যালয়। আটকে ছিল ২০১৭-১৮ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রায় ৩৩ টি সেমিস্টার ফাইনাল পরীক্ষা। ডিসেম্বর মাসের বেতন পাননি বিশ্ববিদ্যালয়ের ৪’শ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা কেউই।
সদ্য নিয়োগ প্রাপ্ত উপাচার্য ড. এমরান কবির চৌধুরী এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছাড়াও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।







