কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতি সত্বেও আওয়ামী লীগের ঐক্যবদ্ধ পরাজয় হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৫০ ভাগ ব্যবধানে পরাজিত হতো।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতীগোষ্ঠী ঢাকা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, কুমিল্লা নির্বাচনে কি পরিমাণ জালভোট হয়েছে আজকের প্রথম আলো দেখলেই স্পষ্ট হয়ে যাবে। জনগণ বহু কষ্টে, সুকৌশলে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নৌকার প্রতীক নিয়ে কেন্দ্রে ঢুকে ধানের শীষে ভোট দিয়েছে।
গয়েশ্বর আরও বলেন, শেখ হাসিনার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিএনপি তার অধীনে কোন নির্বাচনে যাবে না এবং খালেদা জিয়া ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না।
এসময় জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে সামরিক চুক্তিকে যৌক্তিক প্রমাণ করতে দেশে এখন জঙ্গিবাদের উৎসব চলছে।। এই জঙ্গিবাদ ঢাকা থেকে শুরু হয়ে সিলেট গেছে। সেখান থেকে মৌলভীবাজার হয়ে কুমিল্লা।।এভাবে সাত এপ্রিল পর্যন্ত এই উৎসব চলবে বলে মন্তব্য করেন গয়েশ্বর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতীগোষ্ঠী ঢাকা মহানগর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার প্রলয় স্নাল।








