শিল্প সাহিত্য

শিক্ষাবিদ নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন

শিক্ষাবিদ নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন

শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ। ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই কীর্তিমান ব্যক্তিত্ব। তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিলে।

ভাষা আন্দোলন, সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখা মুনীর চৌধুরী জীবনের বিভিন্ন পর্যায়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেছেন। ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রথম ছাত্রসভায় বক্তব্য দেন তিনি। ১৯৪৯ সালে খুলনার বিএল কলেজে বাংলা ও ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মুনীর চৌধুরী। একই বছর রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার হন। কারামুক্তির পর লিলি মীরজাকে বিয়ে করেন তিনি। ১৯৫০ সালে জগন্নাথ কলেজে যোগ দেওয়ার কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় প্রতিবাদ সভায় অংশ নেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয় এবং চাকরি থেকে বরখাস্ত করা হয়। প্রায় দুই বছর দিনাজপুর ও ঢাকার কারাগারে বন্দী থাকতে হয় তাকে। তবে কারাবাসও তার সৃজনশীলতাকে থামাতে পারেনি। কারাগারে বন্দী থাকা অবস্থায় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচনা করেন কালজয়ী প্রতিবাদী নাটক ‘কবর’। কারাগারের ভেতরেই নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কারাবন্দিরা। পরবর্তী সময়ে ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় এলে তিনি মুক্তি পান।

১৯৫৬ সালে রকফেলার বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান মুনীর চৌধুরী। ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিগ্রি অর্জন করেন। ১৯৬৯ সালে মুহম্মদ আবদুল হাইয়ের মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন। ১৯৭০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ভাষাতাত্ত্বিক সম্মেলনেও অংশগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় পাকিস্তানি শাসকগোষ্ঠীর দেওয়া ‘সিতারা-ই-ইমতিয়াজ’ খেতাব বর্জন করেন এই শিক্ষাবিদ। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী আলবদর সদস্যরা তাঁকে অপহরণ করে। পরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তার মরদেহ আর খুঁজে পাওয়া যায়নি।

মুনীর চৌধুরীর সাহিত্যকর্মের মধ্যে ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত ‘কবর’ এবং পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে লেখা ‘রক্তাক্ত প্রান্তর’ বিশেষভাবে উল্লেখযোগ্য। নাট্যকার হিসেবে তার সৃষ্টিকর্ম বাংলা নাট্যসাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। শিক্ষা, ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাসে মুনীর চৌধুরী আজও স্মরণীয় হয়ে আছেন তার সাহিত্যকর্ম, প্রতিবাদী চেতনা ও আত্মত্যাগের জন্য।

বিষয়:জন্মদিন মুনীর চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…