কুমিল্লার মানুষ হলেও শিল্পী আসিফ বরিশালের দূত

গ্যালরিতে বরিশাল বুলসের পক্ষে গলা ফাটাচ্ছেন আসিফ
বিপিএলে বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে কাজ করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। ইদানিং মিরপুরে বরিশালের ম্যাচে গ্যালারিতে দর্শকদের গানে গানে জমিয়ে রাখছেন আসিফ। বুলসের পতাকা হাতে টিভি পর্দায় বারবার ভেসে উঠছে আসিফের ভালোবাসার সমর্থন।
আসিফের উপস্থিতিতে যেনো বদলে গেছে দলের পারফমেন্সও। রাজশাহী কিংসের বিপক্ষে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে নেয়ায় দারুণ তৃপ্ত আসিফ। খেলা শেষে কোলাকোলি করছেন সবার সঙ্গে।
তারকা কন্ঠশিল্পী আসিফ আকবেরর বাড়ি কুমিল্লা জেলায়। আর একারণেই হয়তো সবার জিজ্ঞাসা- ‘আসিফ ভাই, আপনি বরিশালে কেন?’ আসিফও হেসে জবাব দেন- আরে নাহ, কে বললো তোমাদের, আমিতো কুমিল্লা-বরিশাল দুইটাই!
সোমবার বরিশাল বুলস এবং রাজশাহী কিংসের ম্যাচের দিন প্রথম শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসলেন বুলসের ব্র্যান্ড অ্যাম্বেসেডর শিল্পী আসিফ। ম্যাচের ইনিংস বিরতিতে তাকে প্রেসবক্সে নিয়ে আসেন দৈনিক সকালের খবরের ক্রীড়া সম্পাদক এমএম কায়সার। নীল পাঞ্জাবি পড়া আসিফ। শুধু গান গেয়েই যিনি খুব সহজে পৌছে গেছেন সাধারণ মানুষের হৃদয়ের গভীরে। তাকে ব্র্যান্ড অ্যাম্বেসেডর করতে দ্বিতীয়বার ভাবেন নি বরিশাল বুলসের মূল কর্তা বিসিবির পরিচালক আওয়াল চৌধুরী বুলু।

আসিফ ঢুকতেই প্রেসবক্সে সহকর্মী কেউ একজন বলে উঠলেন- ও প্রিয়া তুমি কোথায়!। শুরু হলো সেলফি আর ছবি তোলার আবদার। সিনিয়র সহকর্মী কায়সার ভাই আমাকেও ডাকলেন- ‘আরে চেয়ার নিয়ে এসো, গল্প করি’। আড্ডা চললো কিছুক্ষণ।
গল্পে গল্পে আসিফ আকবর জানালেন, অনেক বছর পর মিরপুর স্টেডিয়ামে ঢুকেছেন তিনি। প্রেসবক্সে এসেছেন প্রায় আটবছরতো হবেই।
গল্পে গল্পেই কায়সার ভাই জানালেন একসময় দৈনিক মানবজমিনে বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করেছেন শিল্পী আসিফ। আর আসিফের ক্রিকেটার হওয়ার গল্পতো তার ভক্তদের কাছে পুরনো খবর। ব্যাট-বল হাতে এই শিল্পী আসিফই একসময় মাঠ কাপিয়েছেন। খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেট লিগে। কে জানতো তখন গান গেয়ে এক দিন তিনিই হয়ে যাবেন মানুষের হৃদয়ের বাদশা।
কথা বললেন ম্যাচ এবং দল নিয়েও। বরিশাল বুলসের দুই নিউক্লিয়াস- ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস এবং অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটিং দারুণ উপভোগ করেছেন আসিফ। ৮১ রানে অপরাজিত থেকে সামনে থেকে বরিশাল বুলসের ব্যাটিং নেতৃত্ব দিলেন মুশফিকুর রহিম।

তবে খেলা নিয়ে আড্ডা জমতেই আসিফ বলে উঠলেন ‘যাই মাঠে যাই’। ‘আমাকে কিছুক্ষণ না দেখলেই বুলু ভাই ডাকাডাকি শুরু করে দেবে’। আসিফ জানিয়েছেন বরিশাল বুলসের প্রতিটা ম্যাচেই মাঠে থাকবেন তিনি। দলকে সমর্থন জানাতে বন্দরনগরী চট্টগ্রামেও যাচ্ছেন তিনি।
১৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। খেলা চলবে ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত।



