রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং-উন। রাশিয়ায় দুই নেতার প্রথম বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার কথা জানিয়েছে ক্রেমলিন।
কোরীয় উপদ্বীপে উত্তেজনা নিরসনে সাহায্যের আশ্বাস দিয়েছেন পুতিন। রাশিয়ার পূর্বাঞ্চলের শহর ভ্লাদিভস্তকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং-উনের প্রথম সাক্ষাৎ। করমর্দন করে দুই দেশের বন্ধুত্বের জানান দেন দুই নেতা। সূচনা বক্তব্যে পুতিন ও কিম জং-উন দু’ দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন।
প্রতিনিধি দলসহ বৈঠকে বসেন দু’ জন। কোরীয় উপদ্বীপে উত্তেজনা নিরসনে সাহায্যের আশ্বাস দেন পুতিন। কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে এই আলোচনাকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন কিম জং-উন। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ভেস্তে যাওয়ায় এই সফরে কিম রাশিয়ার কাছ সহায়তা চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সফর শক্তিশালী দেশের সাথে বন্ধুপ্রতীম সম্পর্ক দেখাতে উত্তর কোরিয়াকে সাহায্য করবে। আবার রাশিয়াও কোরীয় উপদ্বীপের রাজনীতিতে নিজের প্রভাব বিশ্বের কাছে তুলে ধরতে পারবে।










