সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের নয়নাভিরাম দৃশ্যপটের মাঝে যেন মত মাতানো ক্রিকেটটাও ফেলে এসেছে সিলেট সিক্সার্সরা। নয়তো যে দলটি টানা তিন ম্যাচ জিতে দাপুটে ক্রিকেটার আভাস দিয়েছিল, সেই দলটাই কেন রাজধানীতে এসে এভাবে ধুঁকবে। রাজশাহীর বিপক্ষে শুরুতে তেমনি এক হোঁচটের দিনেও অবশ্য নাসিররা যে শেষঅবধি ১৪৬ পর্যন্ত যেতে পারল সেটাকেই অনেক বড় মনে হচ্ছে।
শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৬ রান তুলেছে সিলেট সিক্সার্স। মিরাজের ‘কিপটে’ বোলিংয়ের দিনে সাব্বিরের ব্যাটে ওঠা ঝড় বাঁচিয়েছে সিলেটকে।
তাদের ইনিংসের শুরুটা হয়েছিল আরেকটি বিপর্যয়ের আভাস দিয়ে। এসময় কেবল উইকেটই হারায়নি দলটি, রানের চাকাও ঘোরাতে ভুলে যায়। ৭১ রানের সময় গুনাথিলাকা যখন পঞ্চম উইকেটের পতন হিসেবে সাজঘরে ফেরেন, তখন ১৩.২ ওভার খেলা হয়ে গেছে। এই লঙ্কানের ৪০ রানের ইনিংসটা অবশ্য দ্বিতীয় সেরা। ৪০ বলে যাতে থাকল ৪ চার ও ২ ছয়ের মার।
আগে থারাঙ্গা ১০, ফ্লেচার ০, সোহান ১০, নাসির ৯ রানে সাজঘরে ফিরে দলের বিপদ বাড়িয়ে গেছেন। পরে ব্যাটিংয়ে নিচে নেমে আসা সাব্বির রহমানের ক্যামিও সিলেটকে রক্ষা করে। এক চার ও ৪ ছয়ে ২৬ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন এই টাইগার তারকা।
সাব্বিরকে যোগ্য সঙ্গ দেন টিম ব্রেসনান, ৪ চার ও এক ছয়ে ১৭ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে। প্ল্যাঙ্কেট অপরাজিত থাকেন ২ বলে ৬ রানে।
রাজশাহীর হয়ে স্পিনাররা আলো ছড়িয়েছেন। মেহেদী হাসান মিরাজ তো ৪ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান, উইকেট একটি। সামিট প্যাটেল ২ ওভারে ৬ রানে একটি উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ২ উইকেট কেসরিক উইলিয়ামসের, তবে ৪ ওভারে ৩২ রান খরচ তার।








