কিংস অ্যারেনায় ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা

Official addressing media at a sports ground, surrounded by journalists with microphones, with a green field and buildings in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে নিজেদের গড়া হোম ভেন্যুতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার অপেক্ষায় বসুন্ধরা কিংস। দেশের ঐতিহ্যবাহী ক্লাব গুলো হোম ভেন্যু তৈরি করতে না পারলেও কয়েক বছরের পথ চলায় কিংস অ্যারেনা বানিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস।
রাজধানী ঢাকায় ৩০০ বিঘা জমির উপর নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্সের কাজ শেষ পর্যায়ে। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে পুলিশ এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে বসুন্ধরা কিংস অ্যারেনার।
ইতিহাস গড়তে যাওয়া ক্লাবটির সভাপতি ইমরুল হাসান জানান, ‘কিংস অ্যারেনা দেশের জন্য গৌরবের ব্যাপার। আমাদের এই কিংস অ্যারেনায় যে সুযোগ-সুবিধা আছে উপমহাদেশের বা এশিয়ার গুটিকয়েক ক্লাবগুলোতে রয়েছে। এটা আমাদের জন্য গৌরবের, দেশের সবার জন্যই গৌরবের ব্যাপার।’
প্রায় ৩০০শত বিঘা জমির উপর তৈরি করা হচ্ছে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স। যেখানে ফুটবল, ক্রিকেটের পাশাপাশি ওপেন গলফ, হকি, বাস্কেটবল, ভলিবল, আর্চারি, শুটিংয়ের মতো ইভেন্টের ব্যবস্থা থাকছে।
‘আমাদের আন্তর্জাতিক অঙ্গনে গর্ব করার মত বেশি কিছু নেই। বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের মধ্যে দিয়ে কিছুটা হলেও গর্ব করার সুযোগ হল। আর্জেন্টিনা-ব্রাজিলেও এই কমপ্লেক্স নিয়ে লেখালেখি হয়েছে। আমি মনে করি ক্রীড়া কমপ্লেক্স আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরবে।’
কিংস অ্যারেনা নিয়ে ইমরুল হাসান আরো বলেন, ‘বসুন্ধরা কিংস অ্যারেনার কাজ আগামী দুই থেকে চার মাসের মধ্যে শেষ হবে। ফুটবল মাঠের কাজ পূর্ণাঙ্গভাবে শেষ হলে আগামী বছরেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে। ‘





