একাত্তর ও ২০২৪ সালের পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে: আমান উল্লাহ আমান

ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান
একাত্তর ও ২০২৪ সালের পরাজিত শক্তি এক হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। এসব ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক ছাত্রনেতা ও জাতীয় বীর সাইফুল আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, একাত্তরে যারা ষড়যন্ত্র করে সফল হতে পারেনি, ২০২৪ সালেও তারা সফল হয়নি। এখন পরাজিত শক্তি আবারও ফিরে আসার হুমকি দিচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের বিপদ ও ক্রান্তিকালে সব সময় পাশে দাঁড়িয়েছে জিয়া পরিবার। জনগণ যে বিশ্বাস ও আস্থা নিয়ে তারেক রহমানকে ভোট দিয়েছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বর্তমান সরকার।
বিএনপির এই নেতা আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস দেশকে গণতন্ত্রের পথে নিয়ে এসেছেন। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে আমান উল্লাহ আমান বলেন, পূজায় কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীরা তিন শিফটে পাহারা দেবেন।
এ সময় দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।






