আসছে মৌসুমে যেকোনো মূল্যে ঘুরে দাঁড়াতে চায় বার্সেলোনা। সে লক্ষ্যে জাভি হার্নান্দেজের কোচিংয়ে আক্রমণে ফেররান তরেসের পর যুক্ত হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড এডিনসন কাভানি।
বার্সার সুদিন ফেরানোর দায়িত্ব সাবেক সেনানী, বর্তমানে কোচের ভূমিকায় আসা জাভির। অর্থনৈতিক টানাপোড়নের দিনে বেশ হিসাব করে পা ফেলছেন তিনি। লক্ষ্য আক্রমণে ধার বাড়িয়ে গোল আদায় করে জয় তোলার মতো সেটআপ।
গোল করতে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ৩৪ বর্ষী কাভানিকে মনে ধরেছে জাভির। ইউনাইটেডের সাথে চলতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে উরুগুয়ে তারকার। দুইয়ে দুইয়ে চার মিলতে পারে। ফ্রি-এজেন্ট হিসেবে কাভানিকে দলে টানার দারুণ সুযোগ বার্সার সামনে।
কাভানিও দলবদলের প্রস্তুতি নিচ্ছেন। দেড় বছরের চুক্তিতে ন্যু ক্যাম্পে যোগ দেয়ার সিদ্ধান্ত হতে পারে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই।
অনেককিছু নির্ভর করছে ইউনাইটেডের চাওয়ার উপর। আগামী সোমবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষের চুক্তি বাড়িয়ে রেড ডেভিলরা কাভানিকে মাঠে নামায়, নাকি জাভির দলে যোগ হয়ে যান কাভানি, সেটাই এখন দেখার অপেক্ষা।







