আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে ৪২ জন।
হতাহতের বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জঙ্গি সংগঠন তালেবান হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।
পুলিশ ঘটনাস্থল বেষ্টনী দিয়ে রেখেছে। তবে হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র নাজিব দানিশ।
তিনি জানান, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার ঠিক আগে আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়ের অফিসগামী কর্মকর্তা-কর্মচারীবাহী একটি বাসকে আঘাত করে গাড়িবোমাটি। ওই গাড়ি বিস্ফোরিত হয়েই হতাহতের ঘটনা ঘটে।
পশ্চিম কাবুলের যে এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়েছে সেখানে শিয়া হাজারা সম্প্রদায়ের বহু পরিবারের বাস। আফগানিস্তানের এই সংখ্যালঘু সম্প্রদায়টি অতীতেও অনেকবার সহিংসতার শিকার হয়েছে।
ঘটনাস্থলটি উল্লেখযোগ্য আফগান রাজনীতিক ও সাবেক সেনাপ্রধান মোহাম্মদ মোহাকেকের বাসার কাছে। তার মুখপাত্র ওমিদ মাইসম মোহাকিক ডন’কে জানান, গাড়িবোমাটি মোহাম্মদ মোহাকেকের বাসায় যাওয়ার পথে সবচেয়ে কাছের চেকপয়েন্টের কাছে বিস্ফোরণ হয়েছে।
‘আমরা ধারণা করছি, মোহাম্মদ মোহাকেকের বাসাই ছিল বোমাটির লক্ষ্যবস্তু। কিন্তু প্রহরীরা আগেই গাড়িটি আটকে ফেললে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়,’ বলেন ওই মুখপাত্র।
আফগান নিউজ নেটওয়ার্ক টোলোনিউজের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে দেখুন ঘটনাস্থল থেকে ধারণকৃত একটি ছোট ভিডিও:
#KABUL – More than 20 people were killed in explosion in Gulaee Dawa Khana area in PD3, deputy CEO Mohammad Mohaqoq’s office confirmed. pic.twitter.com/hRPlOHsibm
— TOLOnews (@TOLOnews) July 24, 2017








