ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের মতোই জয় দিয়ে ইউরো-ফুটবল চ্যাম্পিয়নশীপ মিশন শুরু করেছে ইতালি। আজ্জুরিদের কাছে ২-০’তে পরাস্ত হয়েছে ফিফা র্যাঙ্কিং’র দ্বিতীয় সেরা বেলজিয়াম।
ফিফা র্যাঙ্কিং’র দুই বেলজিয়ামের সঙ্গে চারবারের বিশ্বকাপ জয়ী ইতালির ম্যাচে কাগজে-কলমে মার্স উইলমটের সোনালি প্রজন্মের বেলজিয়ামই ফেভারিট। বল মাঠে গড়াতেই ভিন্ন দৃশ্য। বড় আসরের বড় দল ইতালি শুরু থেকেই দারুণ চনমনে। বিশ্বখ্যাত কাতেনচ্চিও ডিফেন্সিভ স্ট্র্যাটেজির পাশপাশি কাউন্টার অ্যাটাকে।
তাতেই বাজিমাৎ। ৩২ মিনিটে এমনই একটি আক্রমণ থেকে পানুচ্চি’র থ্রু-পাস ধরে ইমানুয়েল জিয়াকারিনি’র দূর্দান্ত ফিনিশিং। ফিফা র্যাঙ্কিং’র দ্বাদশ ইতালির লিড।
একের পর এক আক্রমণে উঠে আসা বেলজিয়াম ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিলো ৫৩ মিনিটে । ব্রুইনে’র পাস ধরে ইতালির ডিফেন্সে ফাঁটল ধরিয়েও গোল করতে পারেননি লুকাকু।
এরপর দু’দলই গোল করার সুযোগ নষ্ট করেছে। পেল্লের দারুণ এক হেড বাঁচিয়ে বেলজিয়ামকে আশায় রাখেন গোলকিপার কর্তিয়ুস।
গোল পরিশোধে ইতালির ডিফেন্সে চড়াও হওয়া বেলজিয়ামের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই পেল্লে। শেষ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বেলজিয়ামের ডি-বক্সে তোলা কান্ড্রেভা’র ক্রসে পেল্লে’র সাইড ভলিতে রোমান শিবির আগেই মেতে উঠলো জয়ের আনন্দে।








