কাঁঠালবাগানের মানুষকে ডুবিয়ে হাতিরঝিল রক্ষার মানে হয় না: সাঈদ খোকন

বস্তিবাসীরা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে অথচ কিছু মানুষ পানি নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গত ১ সেপ্টেম্বর ঢাকার জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, কাঁঠালবাগানের মানুষকে ডুবিয়ে হাতিরঝিল রক্ষার মানে হয় না।
মঙ্গলবার হোটেল সোনারগাঁয়ে ‘লো ইনকাম কমিউনিটি’ অর্থাৎ বস্তিবাসীর জন্যে ঢাকা ওয়াসার পানি সাপ্লাই নিয়ে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, প্রতিটি বস্তিবাসী যেন বৈধ সংযোগের মাধ্যমেই বিশুদ্ধ পানি পায়; সেজন্যে ওয়াসাকে সবরকম সহযোগিতা দেওয়া হবে।
অনুষ্ঠানের অন্য বক্তারাও রাজধানীকে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে উল্লেখ করে সমন্বিত কর্তৃপক্ষ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে কর্মশালায় নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।






