কলকাতার চলচ্চিত্রের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ছবি প্রযোজনা করতে যাচ্ছে। এজন্য ইতিমধ্যে মতিঝিলে অফিসও নিয়েছে তারা। এই অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে বিজয় খেমকাকে। তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী প্রযোজক।
বিজয় খেমকা ছবি প্রযোজনার জন্য পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের একটি তালিকা করেছেন, যারা ভেঙ্কটেশের ছবিতে কাজ করবেন। এই তালিকায় পরিচালকদের মধ্যে আছেন বদিউল আলম খোকন, মালেক আফসারি, শাহীন সুমন, ইফতেখার চৌধুরী ও ওয়াজেদ আলী সুমন। অভিনয়শিল্পীদের মধ্যে আছেন, শাকিব খান, আরিফিন শুভ, বাপ্পী ও সাইমন। নায়িকারা হলেন বিদ্যা সিনহা মিম, পরীমনি, মাহি ও ফারিয়া।
বিজয় খেমকা বলেন, ‘বাংলাদেশে ছবি প্রযোজনার জন্যই আমাদের এ উদ্যোগ। এ বিষয়ে আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন করে সবকিছু জানাব। প্রথম ছবি কী হচ্ছে, পরিচালক কে, শিল্পী কারা থাকছেন, তখনই জানিয়ে দেওয়া হবে।’








