করোনা ভাইরাস মোকাবেলায় পরীক্ষা কিটসহ মেডিক্যাল ইকুইপমেন্ট দিয়ে বাংলাদেশকে সহায়তা করবে চীন। বেইজিং বলেছে: তারা বাংলাদেশের বিপদের সময় সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থাকবে।
বুধবার সন্ধ্যায় ঢাকাস্থ চীনা দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে।
চীনা দূতাবাসের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে: আমাদের বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে টেস্ট কিটসহ জরুরি অ্যান্টি-মহামারি চিকিৎসা সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারি প্রতিরোধে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে করোনা ভাইরাস শনাক্তে বাংলাদেশকে ৫০০ কিট দেয় চীন। অন্যদিকে চীনে করোনা মহামারি আকার ধারণ করলে প্রেসিডেন্ট শি জিনপিংকে এক চিঠিতে সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সহায়তা হিসেবে মাস্ক-গ্লাভস সহায়তা স্বরুপ পাঠানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।
চীনের সহায়তার আশ্বাস এমন এক সময় আসলো যখন বাংলাদেশে প্রথম কোনো ব্যক্তির করোনা ভাইরাসের কারণে মৃত্যুর ঘটনা ঘটলো।






