বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের চিকিৎসায় নিজের ৩ মাসের বেতনের অর্থ দান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টকে তিনি তার ২০১৯ সালের শেষ তিন মাসের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টিফেনি গ্রিশাম একটি ব্যাংক চেকের ছবি পোস্ট করেছেন। ওই চেকের মাধ্যমেই হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের সেক্রেটারি অ্যালেক্স আজারকে ট্রাম্প তার বেতন থেকে এক লাখ ডলার দান করেন।
এক সংবাদ সম্মেলনে অ্যালেক্স আজার বলেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, করোনা ভাইরাস প্রতিহত এবং এর চিকিৎসার কাজে নিজের তিন মাসের বেতন দান করেছেন মার্কিন প্রেসিডেন্ট।’
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুবরণ করা সবাই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই একটি নার্সিং হোমের সদস্য।
বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চীনে মারা গেছে ২ হাজার ৯৮১ জন।
এতে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ১৫৮। যার মধ্যে শুধু চীনেই আক্রান্ত হয়েছে ৮০ হাজার ২৭০। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেদেশে ৫ হাজার ৩২৮ জন আক্রান্ত হয়েছে।
এরই মধ্যে বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আশার কথা এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯১ জন সুস্থ হয়েছে।







