করোনার এন্টিবডি নিয়ে আশার আলো

একজন স্বাস্থ্যকর্মী টিকা দেওয়ার জন্য একজন ব্যক্তির বাহুতে ইনজেকশন স্থাপন করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাসের দাপট বিশ্ব এখন পর্যন্ত কম দেখেনি। বাংলাদেশও এই তাণ্ডবের প্রত্যক্ষদর্শী। বেশ কিছুদিন হু হু করে সংক্রমণ ও মৃত্যু বাড়লেও এখন কিছুটা নিম্নমুখী। এরমধ্যেই এন্টিবডি তৈরি নিয়ে আরেকটি সুখবর এলো।
চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, ‘দেশে ৬০ ভাগ মানুষের শরীরে করোনার এন্টিবডি বা রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে। টিকা, পরিবেশ ও খাদ্যাভ্যাসসহ বিভিন্ন কারণে বেশিরভাগ মানুষের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে।’ এমনটা তথ্য জানিয়েছেন র্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী।
তবে তিনি এও জানিয়েছেন যে, সংক্রমণ কমলেও করোনা একেবারে চলে গেছে তা বলা যাবে না। তাই টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ডক্টর ফেরদৌসী কাদরী মনে করেন, করোনার প্রকোপ কমে গেলেও এটিই শেষ ঢেউ কিনা নিশ্চিত নয়। সবার জন্য টিকা নিশ্চিত করার বিকল্প নেই।
র্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত বাংলাদেশি এই বিজ্ঞানীর এমন আশাবাদে আমরা ভরসা রাখতে চাই। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ প্রত্যেকটি পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কেননা, করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ চিকিৎসকরাও মাসের পর মাস এ পরামর্শগুলো দিয়ে আসছেন।
এসব পরামর্শ মেনে চললে করোনাভাইরাস প্রতিরোধ সম্ভব হবে বলে আমরা আশা করি। এজন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থা সহ সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।




