করোনাভাইরাস: প্রথম পরীক্ষায় পাশ উইন্ডিজ দলের সবাই

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা বিমানবন্দরে এসে ব্যাগেজ সংগ্রহ করছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রোববার ঢাকায় পৌঁছে সোমবার সকালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের সকল সদস্য। মঙ্গলবার পাওয়া গেছে ফল। প্রথম ধাপে উতরে গেছেন সবাই।
করোনা নেগেটিভ পুরো দল। নিশ্চিত করেছেন ক্যারিবীয় মিডিয়া ম্যানেজার ড্যারিও বার্থলে।
ওয়ানডে ও টেস্ট দলের খেলোয়াড়, কোচিংস্টাফ, টিম ম্যানেজমেন্ট মিলে ৩৮ সদস্যের বিশাল বহর নিয়ে বাংলাদেশে এসেছে উইন্ডিজ। পাঁচ সপ্তাহের সফরে তারা তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগারদের বিপক্ষে।
২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডে। তার আগে ১৮ জানুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ দল আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে ১০ জানুয়ারি থেকে। ওইদিনই ক্যাবিরীয়রা ঢাকায় এলেও এখনো হোটেলবন্দী। তাদের অনুশীলনে নামতে আরও একদিন অপেক্ষা করতে হবে।
বুধবার শেষ হবে তাদের বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টাইন। বৃহস্পতিবার থেকে মিরপুরে অনুশীলনের সুযোগ পাবে ক্যারিবীয়রা।
প্রথম পরীক্ষায় দুদলের কেউই করোনায় আক্রান্ত হননি। সিরিজ চলাকালীন স্বাগতিক ও সফরকারী দলের সকল সদস্যের করোনা পরীক্ষা হবে আরও অন্তত দুবার করে।






