শিল্প সাহিত্য

‘কঠোর লকডাউন’ শুরুর আগেই শেষ হচ্ছে বইমেলা

বইমেলা চলাকালে দর্শনার্থীরা বই দেখছেন ও পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা স্থানে দর্শনার্থীরা বিভিন্ন বই দেখছেন ও পড়ছেন, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হারও উর্ধ্বমুখী। বর্তমান গুরুতর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউন’ এর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সে কারণে নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হচ্ছে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা ২০২১।

‘কঠোর লকডাউন’ শুরুর দুদিন আগে অর্থ্যাৎ ১২ এপ্রিল বইমেলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান শনিবার দুপুরে এতথ্য জানান।

তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পূর্ণ লকডাউন শুরুর আগেই ১২ এপ্রিল বইমেলা শেষ হচ্ছে।

এদিকে নির্ধারিত সময়ের আগে বইমেলা শেষ হওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগ করা হয় বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের এমন নির্দেশনা আমরা লিখিতভাবে এখনও পাইনি।

তিনি জানান, ‘কঠোর লকডাউন’কে সামনে রেখে দুদিন আগেই বইমেলা শেষ হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্তের কথা রবিবার (১১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

করোনা মহামারির কারণে এবার অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হয় গত ১৮ মার্চ। এই মেলা চলার কথা ১৪ এপ্রিল পর্যন্ত।

বিষয়:কঠোর লকডাউন বইমেলা বাংলা একাডেমি মেলা লকডাউন সংস্কৃতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…