বিজিবি’র রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টে ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ২৫ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহীম ফারুক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি যোগে প্রচুর পরিমাণ ইয়াবা পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশী কার্যক্রম জোরদার করেন।
এমন প্রেক্ষাপটে দুপুর ১২টার দিকে একটি সিএনজি মরিচ্যা যৌথ চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। অধিনায়কের উপস্থিতিতে চালক তোফায়েল (১৯)কে সিএনজিসহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে যাত্রী সিটের মধ্যে বিশেষ চেম্বারে লুকায়িত অবস্থায় ১২ কার্ডে এবং ১ প্যাকেটে ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যমানের ১,২৫,০০০ পিস বার্মিজ ইয়াবা আটক করা হয়।
বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে চালক ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেছে। সে জানায় কক্সবাজারের পূর্ব কুরুলিয়া গ্রামের মো. বাদশা মিয়া (৪৫) এই ইয়াবার প্রকৃত মালিক। চালক তোফায়েল টাকার বিনিময়ে ইয়াবাগুলি বহন করছিল। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিজিবি আরও জানায়, আটক আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, সিএনজি এবং মোবাইলসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।









