ঘুরতে গিয়ে মানবপাচার চক্রের কবলে পড়ে কায়নাত ও সায়মি নামের দুই বান্ধবী। তাদেরকে অপহরণ করে রুজলান নামের এক মানবপাচারকারীর লোকজন। অপহৃত হওয়ার আগে ভাই ফাহাদকে কিছু মেসেজ দিয়ে যেতে সক্ষম হয় কায়নাত। বন্ধু রাহাতকে নিয়ে বোন এবং বোনের বান্ধবীকে উদ্ধার করতে ছোটে ফাহাদ। মুখোমুখি হয় রুজলানের।
এমনই গল্প নিয়ে থ্রিলার ওয়েব সিরিজ ‘ছায়াশিকারী’ তৈরী করছেন তরুণ নাটক ও প্রামাণ্য চিত্র নির্মাতা মর্তুজা লিংকন । কিশোরগঞ্জের ভৈরবে শুটিং হয়েছে থ্রিলার ওয়েব সিরিজটির। জানুয়ারী থেকে পরিচিত ওয়েব প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে সিরিজটির।
ওয়েবসিরিজ প্রসঙ্গে মর্তুজা লিংকন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি টেলিভিশন নাটক নির্মাণে অভ্যস্ত। মাঝে মাঝে প্রামাণ্যচিত্র করি। তবে ওয়েব সিরিজ এখন দর্শক আগ্রহের অন্যতম একটি জায়গা। সে জায়গাকে স্পর্শ করতে চাইবার তাগিদে কাজটি।
তানিম রেদওয়ানের গল্পে রাহাত বাপ্পী ও আসিফ আনসারীর চিত্রগ্রহণে ওয়েব সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর, শরীয়া আহাদ, সাজিয়া রীতু, তন্ময়, দীবা প্রমুখ।









