শ্রীলঙ্কায় বসতে যাওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিধাস ট্রফিতে বাংলাদেশকে ফাইনালে দেখতে চান অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কোর্টনি ওয়ালশ। আসরের অপর দুই দল শ্রীলঙ্কা ও ভারতকে সমীহ করেই টাইগারদের ভাল করার সম্ভাবনা দেখছেন ক্যারিবীয় কিংবদন্তি।
‘আমার মনে হয় ভাল সুযোগ থাকবে। অবশ্যই সেখানে আমরা আন্ডারডগ হয়েই যাচ্ছি। খেলতে যাচ্ছি শক্তিশালী দুটি দলের বিপক্ষে। যারা র্যাঙ্কিংয়েও শীর্ষে। যদি আমরা ধারাবাহিকতা ধরে খেলতে পারি, ভাল সুযোগ থাকবে ফাইনালে খেলার। ফাইনালে খেলতে পারলেই খুশি থাকব, তখন ব্যাপারটা হয়ে যাবে এক ম্যাচের। আশা করি নিজেদের আমরা ভালভাবে মেলে ধরতে পারব, ভাল ক্রিকেট খেলব, ধারাবাহিক ক্রিকেট খেলব।’
‘আমি খুব রোমাঞ্চিত যে আমাকেই সিরিজে প্রধান কোচ হিসেবে আস্থা রাখছে। প্রতিটি কোচের এমন স্বপ্ন থাকে। আমি জানি এটা ভারপ্রাপ্ত দায়িত্ব। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’ বোলিং কোচ থেকে প্রধান কোচ হওয়ার চ্যালেঞ্জ এভাবেই এগিয়ে নিতে চান ওয়ালশ।
সাকিবের অনুপস্থিতি দলের অনুশীলনে প্রভাব ফেলছে কিনা; এমন প্রশ্নে ওয়ালশ বললেন, ‘তার সুস্থ হতে আরও সময় লাগবে। সে এমন একজন যার জন্য অপেক্ষা করতেই হবে। আমরা তাকে সময় দিচ্ছি। তবে সেটা প্রস্তুতিতে কোন প্রভাব ফেলছে না। বাকিরা যারা আছে, তারা নিজেদের কাজ সম্পর্কে বুঝতে পারছে।’
নিধাস ট্রফি খেলতে রোববার দুপুরে কলম্বো যাত্রা করবে বাংলাদেশ দল। শনিবার সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে শেষ অনুশীলন করেছে টাইগাররা। ছিলেন ১২ ক্রিকেটার। সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে ১৬ সদস্যের দলে এসেছেন লিটন দাস। তামিম, মাহমুদউল্লাহ, সাব্বির ও মোস্তাফিজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দুবাইয়ে আছেন। সেখান থেকে সরাসরি কলম্বো পৌঁছানোর কথা রয়েছে তাদের।








