বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি শুরুর আগে কিছুক্ষণের জন্য নীরব থাকল শের-ই-বাংলা স্টেডিয়াম। মাঠে দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল আর গ্যালারিতে দর্শক সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা জানালেন শেন ওয়ার্ন ও রডনি মার্শকে।
২৪ ঘণ্টার মধ্যে দুই ক্রিকেট কিংবদন্তি পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের স্মরণে এক মিনিট করে নীরবতা পালন করা হয় মিরপুরে।
অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার রডনি মার্শের পর চিরবিদায় নিয়েছেন সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। তাদের মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ডের ডানেডিনে মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশ-সাউথ আফ্রিকা ম্যাচ শুরুর আগেও জানানো হয় শ্রদ্ধা। কালো ব্যাজ বাহুতে জড়িয়ে খেলেছে দুই দল।
গত সপ্তাহে হার্ট অ্যাটাকে হাসপাতালে মৃত্যু হয় ৭৪ বছর বয়সী মার্শের। ১২ ঘণ্টাও পার না হতেই শুক্রবার রাতে খবর আসে ওয়ার্নের চলে যাওয়ার। থাইল্যান্ডে মারা গেছেন স্পিন জাদুকর ওয়ার্ন। ৫২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারও হার্ট অ্যাটাকেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।








