সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ হারলেও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে তার দল। এই হারে অনেক ইতিবাচক দিক আছে বলেও জানান তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন টাইগার অধিনায়ক। দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রোটিয়াদের কাছে ৩১ রানে হারে টাইগাররা।
বাংলাদেশ অধিনায়ক বলেন, মাঠের দিনটা আমাদের জন্য ভালো ছিলো না। তবে এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবো।
কোনো অজুহাত না দিয়ে তিনি আরো বলেন, সম্প্রতি আমরা অনেকগুলো টি-২০ ম্যাচ খেলেছি। সুতরাং এই হারের জন্য কোনো অজুহাত দিতে চাই না। তবে আমাদের মূল ফোকাস ওয়ানডে ও টেস্টে। তবে টি-২০ ফরম্যাটেও ধীরে ধীরে উন্নতি করছি। আরো উন্নতি করার জায়গা রয়েছে।
বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম অনুষ্ঠিত হবে ১০ জুলাই, মিরপুরে।







