টি-টুয়েন্টি থেকে বাদ পড়লেও ওয়ানডে দলে মহেন্দ্র সিং ধোনি ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মনে করেন কোহলি।
ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া সিরিজের টি-টুয়েন্টি দল থেকে ধোনি বাদ পড়ার পর তার ক্যারিয়ার নিয়ে আরেক দফা আলোচনা শুরু হয়। কিন্তু কোহলি বলছেন, ধোনিকে বাদ দেয়া হয়েছে রিশভ পান্টের মতো তরুণকে সুযোগ দেয়ার জন্য।
‘ধোনি এখনো এই দলটির অবিচ্ছেদ্য অংশ। সে মনে করে রিশভকে টি-টুয়েন্টিতে আরও সুযোগ দেয়া উচিত,’ বলছিলেন কোহলি।
‘আমাদের হয়ে নিয়মিত সে ওয়ানডে খেলছে। সেই দৃষ্টিকোণ থেকে সে শুধু চেষ্টা করছে তরুণদের সাহায্য করার। লোকে যা ভাবছে, ব্যাপারটি মোটেও তা নয়।’
ওয়ানডেতে ভারত দারুণ ফর্মে রয়েছে। নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে। ধোনি এই সিরিজে খুব একটা ভালো করতে পারেননি। সর্বোচ্চ স্কোর ২৩। এছাড়া শেষ দশ ম্যাচের একটিতেও হাফসেঞ্চুরি নেই।







