ওবামার অনুরোধে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করছে তুরস্ক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধের পর ইরাক থেকে নিজের সৈন্য প্রত্যাহার শুরু করেছে তুরস্ক। ইরাকের উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার অব্যাহত রাখার সিদ্ধান্তও নিয়েছে দেশটি।
শনিবার রাতে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘ইরাকের সংবেদনশীলতার প্রতি লক্ষ্য রেখে মসুল প্রদেশ থেকে তুরস্কের সেনা প্রত্যাহার শুরু হয়েছে।’
এর আগে বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, মসুলের কাছে বাসিকা ক্যাম্পে তুরস্কের সেনা প্রশিক্ষকদের রক্ষা করতে ১৫০ থেকে ৩০০ সেনাসদস্য এবং ২০টি ট্যাঙ্ক মোতায়েন করেছে তুরস্ক। এই সেনা মোতায়েনকে বাগদাদ তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করে। আর তুরস্কের দাবি, আইএসের সঙ্গে লড়াই করতে ইরাকের মিলিশিয়াদের প্রশিক্ষণ দিতে তুরস্ক সহযোগিতা করছে।
বাগদাদে সেনা মোতায়েন নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওই সময় ইরাকের সার্বভৌমত্বকে সম্মান দেখিয়ে তুরস্কের সেনা প্রত্যাহার করে নিতে এরদোয়ানকে অনুরোধ করেন তিনি।
ওই কথোপকথনের একদিন পরই সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলো তুরস্ক। এতে বলা হয়, বাগদাদের সঙ্গে তুরস্কের আসলে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে ইরাক সরকারকে আগের মতোই সহায়তা দিয়ে যাবে তুরস্ক।






