পুলিশ হেডকোয়ার্টারের সহকারি আইজি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে ।
রোববার সকাল সাতটার দিকে প্রতিদিনের মতোই চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে নিয়ে বাসার সামনে স্কুলগামী বাসের অপেক্ষায় ছিলেন মাহমুদা খানম। সে সময় ৩টি মোটরসাইকেলে করে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। তারা মাহমুদা খানমের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা প্রথমে তাকে ছুরিকাঘাত এবং পরে তাকে লক্ষ্য করে গুলি চালায়।। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে তিনবার সবোর্চ্চ পদক অর্জনকারী ও জঙ্গি দমনে আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। সহকারি আইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত ছিলেন। তবে, তার পরিবারের সদস্যরা চট্টগ্রামের জিইসি এলাকার ভাড়া করা অ্যাপার্টমেন্টে থাকেন।
ডাকাত, জলদস্যু ও জঙ্গিবিরোধী বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে সর্বমহলে প্রশংসিত বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যার ঘটনায় চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, হত্যাকাণ্ডটি জঙ্গী হামলা কি-না তা খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দারা।







