রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ বহুদিন ধরেই বন্ধ। সেজন্য একইসঙ্গে খেলা হচ্ছে না দু’দেশের ক্রিকেটারদেরও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এশিয়া একাদশের দলে রাখা রাখা হচ্ছে না কোনো পাকিস্তানিকে। ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের একসঙ্গে এশিয়া একাদশের হয়েও খেলা হচ্ছে না।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে দু’টি টি-টুয়েন্টি আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ম্যাচ দুটিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে আইসিসি। ম্যাচে একাধিক ভারতীয় ক্রিকেটারকে পাওয়ার আশা করছে বিসিবি। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই’র পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়া একাদশের হয়ে ভারত ও পাকিস্তান ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যাবে না। যদিও বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে তেমন কিছু জানানো হয়নি।
বার্তা সংস্থা আইএএনএসকে বিসিসিআই’র যুগ্ম-সচিব জয়েশ জর্জ বলেছেন, ‘আমরা যতদূর জানি, এশিয়া একাদশের হয়ে খেলতে দেখা যাবে না কোনো পাকিস্তানি ক্রিকেটারকে। সুতরাং দুই দেশের ক্রিকেটারদের একই দলের হয়ে খেলার কোনো সম্ভাবনা নেই। এশিয়া একাদশের হয়ে ভারতের কোন পাঁচ ক্রিকেটার খেলবেন, তা ঠিক করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিরিজের জন্য ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারকে চেয়ে নাম পাঠিয়েছে বিসিবি। তালিকায় আছেন অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা।
নামের তালিকায় আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক কোনো ম্যাচ না খেলায় তাকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে।








