চলতি লা লিগার একদম শেষ পর্যায়ে মাঠে গড়াবে মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকো। লা লিগায় রোনালদো-মেসিদের ফিরতি লড়াই দেখতে ভক্তদের অপেক্ষা করতে হবে ৬ মে পর্যন্ত।
ওইদিন বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে গড়াবে ম্যাচ। স্প্যানিশ সংবাদ মাধ্যমকে দ্বিতীয় এল ক্ল্যাসিকোর তারিখ নিশ্চিত করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।
গত ডিসেম্বরে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সার কাছে ৩-০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি লস ব্লাঙ্কোসরা। ২৫ ম্যাচে ৫১ পয়েন্টে টেবিলের তিনে আছে জিনেদিন জিদানের দল।
সেখানে লা লিগায় এখন পর্যন্ত অপরাজিত বার্সা। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্টে শীর্ষে আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা। টেবিলের দ্বিতীয় দল অ্যাটলেটিকো মাদ্রিদ পিছিয়ে আছে সাত পয়েন্ট ব্যবধানে। বড় কোন অঘটন না ঘটলে ফুরফুরে মেজাজেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে পারবে কাতালান জায়ান্টরা।








