নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রেখেছেন করিম বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হ্যাটট্রিকের পর লা লিগায় পেলেন জোড়া গোল। আরেকটি বেনজেমাময় ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে অন্যান্যদের চেয়ে ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিয়েছে লস ব্লাঙ্কোস।
রিয়াল ২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্টে আছে। সমান ম্যাচে দুই নম্বরে থাকা সেভিয়ার পয়েন্ট ৫৬। তৃতীয় স্থানে আছে ৫১ পয়েন্ট পাওয়া বার্সেলোনা। আগামী ২০ মার্চ এল ক্লাসিকোর আগে বার্সার চেয়ে ১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকছে রিয়াল।
সোমবার রাতে মায়োর্কার মাঠে হওয়া ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৫৫ মিনিটে কার্লো আনচেলত্তির দল প্রথম গোলের দেখা পায়। বেনজেমার পাসে বল পেয়ে ভিনিসিয়াস জুনিয়র লক্ষ্যভেদ করেন।
৭৭ মিনিটে বেনজেমা স্পট কিক থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ডি-বক্সের ভেতর ভিনিসিয়াস জুনিয়রকে প্রতিপক্ষের এক খেলোয়াড় ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন।
পাঁচ মিনিট পর আবারো বেনজেমার গোল। মার্সেলোর কর্নার কিক থেকে আসা বলে হেড করে নিশানাভেদ করেন এই ফ্রেঞ্চম্যান।
চলতি মৌসুমে লা লিগায় এটি তার ২২তম গোল। ইউরোপের শীর্ষ লিগগুলোর হিসাব বিবেচনায় তার চেয়ে এগিয়ে রয়েছেন কেবল রবার্ট লেভান্ডোভস্কি। বুন্দেস লিগায় চলতি মৌসুমে তার গোল সংখ্যা ২৯।








