এলো নিউজিল্যান্ড, বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ সিরিজ

নিউজিল্যান্ডের জন্য বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যরা বাসে উঠছে, নিরাপত্তা ও প্রস্তুতির অংশ হিসেবে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার দুপুর ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কিউইরা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ ১ সেপ্টেম্বর। অক্টোবরে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। টাইগারদের বিশ্বকাপ দল নির্বাচনও হয়ে যাবে এ সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে।
কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৪-১এ টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কিউইদেরও হারিয়ে বিশ্বকাপে যাওয়ার আশা মাহমুদউল্লাহ-সাকিবদের।
গত মার্চে একটি জয়ের আশা নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল। তাদের দেশে ফিরতে হয় হতাশা নিয়ে। ওয়ানডে ও টুয়েন্টি সিরিজের সব ম্যাচেই হেরে আসতে হয়। এবার নিউজিল্যান্ড দল যখন টাইগার ডেরায়, ভিন্ন কিছু আশা করাই যায়।
ভ্রমণ জটিলতা এড়াতে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম দ্য হান্ড্রেড খেলে যুক্তরাজ্য থেকে আগেই বাংলাদেশে এসেছেন। ঢাকায় আগে থেকেই অবস্থান করছে কিউই পর্যবেক্ষক দলও। মঙ্গলবার খেলোয়াড়, কোচিংস্টাফ মিলে এসেছেন ২০ জন।
টম ল্যাথামের নেতৃত্বে টাইগার ডেরায় এসে খেলবে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল। বাংলাদেশ সফরে কিউইদের বিশ্বকাপ স্কোয়াডের কেউই নেই।
নিউজিল্যান্ড টি-টুয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।






