এমন হারের অজুহাত কী?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক হারের জন্য বেশ কিছু কারণকে দায়ী করে গেলেন। বেশ সাবলীলভাবে নিজের মতামত উপস্থাপন করেছেন। সবই জানা কথা। এই ধরনের কথা তার মুখ থেকে অনেকবারই শোনা গেছে। হারের কারণ হিসেবে যে যুক্তি তিনি দিলেন, তাতে তাই মন ভরলো না। বাধ্য হয়ে দুজন ‘বিশেষ মানুষ’কে ফোনে ধরা হলো, যারা বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারকে কাছ থেকে চেনেন।
একজন মুশফিকদের ছেলেবেলার গুরু। নাজমুল আবেদীন ফাহিম। যিনি বর্তমানে বিসিবি’র গেম ডেভেলপমেন্টের ন্যাশনাল ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। মুশফিক তিন পেসারের থিওরিতে সমস্যা না দেখলেও নাজমুল আবেদীন বলছেন বাংলাদেশের একজন স্পিনার বেশি থাকলে ভালো হতো, ‘আসলে আমাদের পেসাররা শ্রীলঙ্কার কন্ডিশনে বল করার মতো উপযোগী নয়। তৃতীয়-চতুর্থদিন মনে হয়েছে আমাদের একজন স্পিনার বেশি থাকলে ভালো হতো।’

শেষ ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের করতে হতো ৪৫৭। চতুর্থদিন কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করে বাংলাদেশ। পঞ্চমদিন এখান থেকে ১৯৭ রান করতেই সব শেষ। পেছনের কারণ হিসেবে নাজমুল আবেদীন বাংলাদেশের মানসিক শক্তিকে দায়ী করছেন, ‘ছেলেদের শারীরিক ভাষায় চাপ ফুটে উঠেছিল। মনে হয়েছে আমরা ভালো প্রেসারে ছিলাম।’
‘প্রথম উইকেট যাওয়ার পর সব এলোমেলো হয়ে যায়। আমাদের টিমে এখনো পরিপক্ব খেলোয়াড়ের অভাব রয়েছে। হয়তো কেউ কেউ দুইএকটা ম্যাচ জেতাচ্ছে। কিন্তু সাহস দেয়ার মতো ব্যাটসম্যানের অভাব আছে।’

জালাল আহমেদ চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ। তাকে যখন ফোনে পাওয়া গেল, তখন তিনি ঘুম থেকে উঠেছেন। বিরহের হার দেখেই বিকেল নাগাদ ঘুমাতে গিয়েছিলেন। বর্ষীয়ান এই কোচের সোজাসাপ্টা উত্তর, ‘আমরা ওদের বোলিং, ব্যাটিং আর মানসিকতার কাছেই হেরেছি। আমি ভেবেছিলাম লাঞ্চের আগে হয়তো একটা উইকেট যাবে। কিন্তু কীসের কী। সব ভেসে গেল! ’
ফোনের ওপার থেকে ভেসে আসে ঘুম-জড়ানো জালাল আহমেদের কণ্ঠ। একটু সময় নিয়ে বললেন, এমনদিনে কোনো অজুহাত চলে না…।






