কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর রাজধানীর মহাখালীর ৭ তলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে শতাধিক ঘর পুড়ে গেছে। বস্তিবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত একটার দিকে বস্তির ব্র্যাক স্কুলের পাশের একটি ঘরে হঠাৎই আগুন দেখা যায়। আতংকে ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যায় বস্তিবাসী।
আগুনে পুড়ে গেছে বস্তির শতাধিক কাঁচা ঘর। সব হারিয়ে দিশেহারা অনেকেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। আগুন লাগার পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিযোগ করেন কেউ কেউ।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
মাত্র কয়েকদিন আগে ৪ ডিসেম্বর দুপুরে মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেখানে পুড়ে যায় কয়েক শ ঘর।








